মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক হয়েছে তা নিজের ভাষায় লেখো। দ্বাদশ শ্রেণী - Online story

Monday, 1 December 2025

মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক হয়েছে তা নিজের ভাষায় লেখো। দ্বাদশ শ্রেণী



প্রশ্ন:- মানিক বন্দ্যোপাধ্যায়ের 
ছোট গল্প হিসেবে ‘হলুদ পোড়া' গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো
উত্তর : ছোটোগল্প উনিশ শতকের এক অদ্ভুত সৃষ্টি। পাশ্চাত্যে মোপাসাঁ, চেকভ, এডগার এ্যালান পো-র হাতে ছোটোগল্পের শাখাটি আরও সমৃদ্ধিশালী হয়ে উঠেছে। বাংলা সাহিত্যে ছোটোগল্পের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। ছোটোগল্পের সঠিক সংজ্ঞা নির্ধারিত না-হলেও সমালোচকরা কয়েকটি বৈশিষ্ট্য নির্দেশ করেছেন, যেমন—কাহিনির একমুখীনতা, ব্যঞ্জনধর্মীতা, শেষের মধ্যেও অশেষের সুর বেজে ওঠা প্রভৃতি। ছোটোগল্পের আকার ছোটো হবে, চরিত্র সংখ্যা কম থাকবে, জীবনের একটি খণ্ড ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে গল্পটি গড়ে উঠবে এবং সেই একটি ঘটনার মধ্য দিয়ে সমগ্রজীবন প্রতিভাসিত হয়ে উঠবে। ছোটোগল্পের এই বৈশিষ্ট্যগুলির আলোকে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া' গল্পটি সার্থক কিনা তা বিচার করা যেতে পারে। আপাত শাস্ত গ্রামে তিন দিনের ব্যবধানে একজন জোয়ান-মন্দ ও একজন শান্ত ঘরোয়া মেয়ের খুন, হয়ে যাওয়ায় গ্রামবাসীদের মধ্যে ভীতি ও কৌতূহল উদ্রেক করে। এর দিন-কুড়ি পরে সদ‍্য গ্রামে আসা দামিনী নামের এক মহিলা অশরীরী আত্মার দ্বারা আক্রান্ত হয়; ফলে গ্রামবাসীরা আলৌকিক ঘটনার সাক্ষী হয়। গ্রামের নাম করা কুঞ্জ গুণিনের গুণপনায় আবিষ্কৃত হয় প্রথমে খুন হওয়া বলাই-ই নাকি ঘরোয়া নিরীহ মেয়ে শুভ্রার খুনি। কথাটা চাউর হয়ে যাওয়ার পরপরই বিজ্ঞানের ছাত্র ও স্থানীয় স্কুলশিক্ষক ধীরেন লোকলজ্জা ও মানসিক টানাপোড়েনে
একসময় কুসংস্কারের বশবর্তী হয়ে মৃতা বোন শুভ্রার আত্মার সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করে এবং ভৌতিক শক্তি দ্বারা আক্রান্ত হয়; এবারও কুঞ্জ গুণিনের আগমন ঘটে। কুষ্ণ তার নাকের কাছে হলুদ পোড়া শোঁকায় এবং গল্প নাটকীয় মোড় নেয়। শুভ্রার আত্মার সংযোগ স্থাপন করতে গিয়ে বলাই এবং আত্মার সংযোগ স্থাপিত হয়; তাই সে নিজেকে বলাই চক্রবর্তী বলে পরিচয় দেয় এবং স্বীকার করে সে-ই শুভ্রার খুনি।
অলৌকিকত্বের মোড়কে লেখক মধ্যবিত্ত মননের অবচেতন স্তরের কুসংস্কারাচ্ছন্ন পরিসরটি ফুটিয়ে তুলেছেন। মানবমনের বিকারগ্রস্ততা গল্পমধ্যে তুলে ধরেছেন ঠিকই, কিন্তু খুনের রহস্যাবৃত দিকটি উন্মোচিত না-করে অনেক প্রশ্নের জন্ম দিয়েছেন, যা পাঠকচিত্তে অনুরণিত হতে থাকে—গল্পের পরিসমাপ্তিতে তাই অতৃপ্তির রেশ এখানেও বর্তমান। সামগ্রিকভাবে ছোটোগল্পে নানান লক্ষণ নিয়ে গল্পটি সার্থক ও শিল্পসমৃদ্ধ হয়েছে।