প্রলয়োল্লাস কবিতায় প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তার বর্ণনা দাও। দশম শ্রেণী
![]() |
প্রশ্ন : 'প্রলয়োল্লাস' কবিতায় প্রলয়ের যে-চিত্র অঙ্কিত হয়েছে তার বর্ণনা দাও।
উত্তর: নজরুলের 'প্রলয়োল্লাস' কবিতায় প্রলয়ের এক কাল্পনিক চিত্র অঙ্কিত হয়েছে। এই ভয়ংকর ধ্বংসকারী প্রলয় কালবৈশাখীর মতোই পুরাতন জীর্ণতা দূর করে নতুনের আগমন সূচিত করে। কবি জয়ধ্বনির দ্বারাই তাকে গ্রহণ করেছেন। প্রলয়ের নেশায় পাগল সেই মহাকাল ঔপনিবেশিক শক্তির সিংহদ্বারে আঘাত হেনে, রুদ্ররূপী বজ্রশিখার মশাল জ্বেলে পরাধীনতার অন্ধকার থেকে ভারতবাসীকে মুক্ত করতে এগিয়ে আসছে। তার কেশের দোলায় আকাশ।কেঁপে ওঠে। জ্বালামুখী ধূমকেতু তার দাস। কৃপাণ হাতে সে এগিয়ে আসছে। তার অট্টরোলে বিশ্ব স্তব্ধ। এই মহাপ্রলয়ের চোখে দ্বাদশ রবির অগ্নিতেজ।
সেই রুদ্রের পিঙ্গলবর্ণের জটার দোলায় ত্রস্ত দিগন্ত। তার একবিন্দু চোখের জলে মহাসিন্ধুর বিশালতা ও তেজ। এই রুদ্ররূপী নটরাজের বাহুর ওপরেই বিশ্বমায়ের আসন পাতা। এই মহাপ্রলয় জরাগ্রস্ত ও মুমূর্ষুদের বিনাশ করে নতুন দিশা দেখায়। মহাকালের সারথির তীব্র চাবুকে ধ্বনিত হয় ঘোড়ার কাঁদন। সেই ঘোড়ার খুরের দাপটে নীল আকাশে উল্কা ছুটছে। অন্ধকার কারাগারের আড়ালে যে-দেবতারূপ বিপ্লবীরা আটকে আছে এবার তাদের মুক্তি আসন্ন। কবির মতে, এই ধ্বংসলীলায় ভীত হওয়ার কিছু নেই। কারণ সে নবীনের বার্তাবহ। প্রাণহীন অসুন্দরকে ধ্বংস করতে ছুটে আসছে। এই প্রলয়ের কাজই হল ভাঙাগড়া।
